চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক বাস সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট উত্তর সোনাপাহাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জাকির হোসেন (৪৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর গ্রামের গণি মিয়ার ছেলে এবং ‘রিলাক্স বাস’ (ঢাকা-মেট্রো-ব-১৫-৯৪৮৮) এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মোঃ নাদিম হায়দার চৌধুরীর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই মোঃ জিশান আহম্মেদ পিপিএম-সেবা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসান। ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে সন্দেহভাজন রিলাক্স পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় সুপারভাইজার জাকির হোসেনের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, মাদক পরিবহনের দায়ে আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মহাসড়কে আমাদের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
