রাঙ্গুনিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া আলোচিত সেই শওকত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শওকত আলী ওই এলাকার গুল বক্সের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে আসছিলেন শওকত। সম্প্রতি অস্ত্র হাতে তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে টাস্কফোর্স-৪ চারা বটতল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। অভিযানে তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড আর্মি ক্যাম্পের মেজর তানভীর জানান, শওকত আলীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এলাকাবাসীর মতে, শওকতের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
