চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের পর মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহাব্দী নগর মহতপাড়ার হাজারী বিলের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত শাহেদ স্থানীয় সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের সন্তান।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আজ সকালে বাড়ির কাছেই বিলের মধ্যে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

​রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।