কক্সবাজারের রামুর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকার গহীন অরণ্যে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রামু থানা পুলিশের একটি বিশেষ দল ওই পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানায় কর্মরত ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই আস্তানা থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির বিশাল কর্মযজ্ঞের হদিস মেলে।
অভিযানস্থলে পাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে গোলাবারুদ, ২টি তাজা রাইফেলের গুলি এবং ৪টি শর্টগানের খালি খোসা।
অস্ত্রের যন্ত্রাংশ: ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স এবং বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি লোহার পাইপ। নির্মাণ সরঞ্জাম: একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ অস্ত্র তৈরির নানা ক্ষুদ্রাংশ ও সরঞ্জাম।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গম পাহাড়ের নির্জনতাকে কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহ করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “পলায়নকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করতে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
