চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের মালামাল লুট করতে এসে দুই নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ ডাকাত দল। সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকার ‘কেআর শিপ মেকিং’ ইয়ার্ড সংলগ্ন সাগর উপকূল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার আব্দুল্লাহপুর এলাকার মো. খালেদ প্রমাণিক ও মো. সাইফুল্লাহ। তাঁরা ওই ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, গত রবিবার দুপুরে কাটিং বা ভাঙার জন্য ইয়ার্ডে একটি পুরনো স্ক্র্যাপ জাহাজ আনা হয়। ওই জাহাজের মূল্যবান মালামাল ও যন্ত্রাংশ লুটের উদ্দেশ্যে গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত জলপথে কারখানায় হানা দেয়। এ সময় দায়িত্বরত দুই নিরাপত্তা প্রহরী খালেদ ও সাইফুল্লাহ ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় ডাকাত দল। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে সকালে কুমিরা নৌঘাট এলাকায় তাঁদের মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, “স্ক্র্যাপ জাহাজটি আসার পর থেকেই ডাকাতদের নজর ছিল। রাতে আমাদের প্রহরীরা সাহসিকতার সাথে তাদের রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ডাকাতদের হামলায় তারা প্রাণ হারান। সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি।”
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজভাঙা কারখানায় ডাকাতির চেষ্টাকালে দুই নিরাপত্তা প্রহরী নিহত হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ইয়ার্ড মালিক ও শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
