কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাকে এ হুমকি দেওয়া হয়।
রোববার (৪ জানুয়ারি) শাহজাহান চৌধুরী চিঠিটি গ্রহণ করেন। চিঠিতে তাকে নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলা হয়, তা না হলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
চিঠিতে লেখা হয়, “আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন।”
চিঠিটির শেষে প্রেরক হিসেবে ‘ব্যাটালিয়ন-৭১’ নামের একটি সংগঠনের কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। তবে ওই সংগঠনের পরিচয় বা দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী পরিবেশে এমন হুমকিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন স্থানীয়রা।
এ বিষয়ে শাহজাহান চৌধুরী জানান, চিঠির বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নির্বাচনী প্রচারণা চলাকালে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
