চট্টগ্রাম চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার নিরামিষ পাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে রাউজান থানাধীন নিরামিষ পাড়া এলাকায় কতিপয় দুষ্কৃতকারী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সাদা প্লাস্টিকের শপিং ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরি পাইপগান এবং ১২ বোরের একটি কার্তুজ পাওয়া যায়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
