চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থীর সবার আবেদনই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ শনিবার সকালে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই ঘোষণা দেন।

​সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, এই আসনে বিএনপির দুই প্রভাবশালী নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার—উভয়ের মনোনয়নই বৈধ বলে গণ্য হয়েছে।

​বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা:
​১. গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বিএনপি)
২. গোলাম আকবর খোন্দকার (বিএনপি)
৩. মো. শাহজাহান মঞ্জু (জামায়াতে ইসলামী)
৪. মোহাম্মদ ইলিয়াছ নূরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)
৫. নাছির উদ্দীন তালুকদার (গণসংহতি আন্দোলন)
​বিএনপির দুই প্রার্থী নিয়ে যা বলছে নির্বাচন অফিস

​একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গে চট্টগ্রামের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, সাধারণত একটি দল থেকে একজন প্রার্থী মনোনয়ন পেলেও রাউজানে দুজন জমা দিয়েছেন। আইনের সব শর্ত পূরণ করায় দুজনের আবেদনই বৈধ হয়েছে। তবে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের আগেই দল থেকে যাঁকে চূড়ান্ত ঘোষণা করা হবে, তিনিই দলীয় প্রতীক পাবেন।

​উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে এবং ২৮ ডিসেম্বর গোলাম আকবর খোন্দকারকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। গিয়াস কাদের চৌধুরী দুটি মনোনয়নপত্র জমা দিলেও আইন অনুযায়ী প্রথমটি যাচাই শেষে গ্রহণ করা হয়েছে।

​রাউজানে বিএনপির রাজনীতিতে এই দুই নেতাকে ঘিরে দীর্ঘদিনের বিভক্তি ও কোন্দল রয়েছে। মনোনয়ন বৈধ হওয়ার পর দুই নেতার কণ্ঠে পাওয়া গেছে ভিন্ন সুর।

​গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংবাদিকদের বলেন, “২০ জানুয়ারি পর্যন্ত সময় আছে। দলের সিদ্ধান্ত যা-ই হোক, আমি মাঠ ছাড়ছি না।”
​গোলাম আকবর খোন্দকার সহিংসতা ও দলীয় কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এলাকায় যা ঘটছে তা চাঁদাবাজি বা বালু ব্যবসার জেরে হতে পারে, দলের কারণে নয়। দল শেষ পর্যন্ত যাকে চূড়ান্ত করবে, আমি সেই সিদ্ধান্ত মেনে নেব।”