কক্সবাজারের চকরিয়ায় যুবদল নেতা সাইফুল ইসলাম (৩৩)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কাকারা ইউনিয়নের পশ্চিম মাইজ কাকারা গ্রামসংলগ্ন একটি বিল থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন এবং পৌরসভা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কয়েক বছর আগে নিজ এলাকা কাকারায় পরিবারসহ বসবাস শুরু করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নুরুল ইসলামের সঙ্গে কয়েকদিন আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন সাইফুল ইসলাম। পরে তাকে এক লাখ টাকার বিনিময়ে সাক্ষ্য দিতে প্রলুব্ধ করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এর জের ধরে থানায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।
সোমবার দিবাগত রাতে ওই মামলার আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পুলিশের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হেলমেট পরিহিত ১০-১২ জনের একদল সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে সাইফুলকে ধাওয়া করে পাশের বিলে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী রিনা আক্তার।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সময় সন্ত্রাসীরা আশপাশের কয়েকটি বাড়িতেও ঢুকে তল্লাশি চালায় এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। এতে পুরো এলাকায় রাতভর আতঙ্ক বিরাজ করে।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও তালা ঝুলতে দেখা গেছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মামলার আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ গিয়েছিল—এটি সত্য। তবে পুলিশ চলে যাওয়ার পর কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না মিললেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
