প্রচন্ড শীতে কষ্টে থাকা দরিদ্র-হতদরিদ্র এতিম খানা, হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) রাতে উপজেলার বেড়ীপটল বাহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কাজিপুর আহম্মদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মেঘাই মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র প্রায় শতাধিক এতিমখানার শিশুদের মাঝে উপজেলা প্রশাসন কাজিপুরের পক্ষ হতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় । ৩টি এতিমখানা মাদ্রাসায় রাত ১০টার পরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার দেখতে পান অনেক শিশু শিক্ষার্থী পাতলা কাথা/পুরানো কম্বল গায়ে শীতে জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে। শীতের মধ্যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে ইউএনও’র হাত থেকে নতুন রঙিন কম্বল অনেক শিশুর মুখেই দেখা গেছে মিস্টি হাসির ঝিলিক।

এছাড়াও আলমপুর চৌরাস্তার বাজারের নাইটদের মাঝেও শীতের উষ্ণ ভালোবাসা হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

কম্বল পেয়ে আনন্দিত হয়ে এতিম খানার শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। রাতে শীতে খুব কষ্ট হয় আমাদের। আজকে ইউএনও সার হঠাৎ এসে কম্বল দিয়েছেন। এর আগে কেউ আমাদের কিছু দেয়নি।স্যারকে ধন্যবাদ জানাই। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়া সড়কের পাশে থাকা প্রকৃত অসহায়দেরও কম্বল দেওয়া হচ্ছে।

এসময় সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ চলমান আছে।