গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল কুলাউড়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ রবির বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মোড়ক ও লেবেল ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত ও উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোম্পানীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।