চট্টগ্রাম রাউজানে তিন  অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, বন্দুক ও বিপুল পরিমাণ গুলি-কার্তুজ উদ্ধার করা হয়েছে।​

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।​

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানা পুলিশের সমন্বিত অভিযানে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে প্রথমে জহির আহমেদ (৫২) নামের এক স্থানীয় মুদি দোকানদারকে আটক করা হয়।​পরে তার দোকানের রেক থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।​

জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পটিয়া থানার হাই ঈদগাঁ মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম (২২) ও মোহাম্মদ রানা নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃতরা হলেন, জহির আহাম্মদ (৫২), পিতা: অলি আহমেদ, ২ নম্বর ওয়ার্ড, নোয়াপাড়া ইউনিয়ন, রাউজান।​মোঃ সাকিবুল ইসলাম (২২), পিতা: মোহাম্মদ হাবিব, ৭ নম্বর ওয়ার্ড, নোয়াপাড়া ইউনিয়ন ও ​মোহাম্মদ রানা।​

পুরাতন মামলার সূত্র ধরে আরও অস্ত্র উদ্ধার​অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আরও জানান, গত সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হুমায়ুন উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।​ওই তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।​

পুলিশ জানিয়েছে, এই অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।