
টেকনাফ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ মোট ছয়জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (AA) সদস্যদের বিরুদ্ধে। বুধবার সকালে কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন জলসীমা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।
টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেরা সাগরে মাছ শিকার শেষে টেকনাফের উদ্দেশে ফিরছিলেন। এ সময় সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের কাছাকাছি আসতেই আরাকান আর্মির সদস্যরা তাদের পথ আটকায়। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ট্রলারসহ ছয়জন মাঝিমাল্লাকে জিম্মি করে নিয়ে যায়।
সাজেদ আহমেদ আরও বলেন, “আমরা ঘটনা জানার পর থেকেই উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। তাদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে, ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছে প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলারসহ কয়েকজন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে খোঁজখবর রাখা হচ্ছে এবং আমরা পুরো ঘটনার ওপর নজর রাখছি।”
তিনি আরও জানান, অপহৃত জেলেদের দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এর প্রভাবে মাঝেমধ্যে মিয়ানমার থেকে গোলা এসে বাংলাদেশের ভূখণ্ডে পড়ার ঘটনা ঘটেছে, যা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। সাগরে এবার জেলেদের অপহরণের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
