চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে বকেয়া খেলাপির ছুরিকাঘাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। তার পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তনের বকেয়া টাকা নিয়ে অভিযুক্ত সানির সঙ্গে আকাশের দীর্ঘদিনের বিরোধ ছিল।

​পরিবারের অভিযোগ, ঘটনার সময় আকাশ তার বকেয়া পাওনা টাকা চাইতে গেলে সানি এবং তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আকাশকে গুরুতর জখম করা হয়। অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তিনি বলেন, “হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

​নিহত যুবকের মরদেহ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আকাশের পরিবার এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার চেয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।