শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেন এখন ‘স্বর্ণের আখড়া’! ফের কাস্টমসের জালে ধরা পড়লেন জেদ্দাফেরত পাঁচ যাত্রী।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৫ ফ্লাইটে আসা এই যাত্রীদের কাছে পাওয়া গেল বিপুল পরিমাণ স্বর্ণ। তবে ‘চোরাচালান’ নয়, এবার যাত্রীরা ফেঁসেছেন ব্যাগেজ রুলের অতিরিক্ত স্বর্ণ আনার দায়ে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম এবং ইয়াসমিন আক্তার—এই পাঁচ যাত্রীকে আটক করে তল্লাশি চালান।
তল্লাশিতে পাঁচজনের কাছ থেকে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে জেসমিন আক্তার: ২০০ গ্রাম, মো. নাসির: ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী: ৩০০ গ্রাম, কীজা মনোয়ারা বেগম: ২৫০ গ্রাম, ইয়াসমিন আক্তার: ২০০ গ্রাম।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিয়ম অনুযায়ী প্রত্যেক যাত্রী শুল্কমুক্তভাবে ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারেন। সেই হিসেবে পাঁচ যাত্রীকে মোট ৫০০ গ্রাম স্বর্ণ শুল্কমুক্ত হিসেবে ফেরত দেওয়া হয়।”
যাত্রীদের শুল্কমুক্ত পরিমাণ বাদ দিয়ে অতিরিক্ত ৭০০ গ্রাম স্বর্ণ কাস্টমস ডিএম (ডিটেনশন মেমো) মূলে জব্দ করা হয়েছে। এই জব্দকৃত স্বর্ণ থেকে সরকার ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।
তবে, চোরাচালানের উদ্দেশ্য না থাকায় এবং ব্যাগেজ বিধিমালা সম্পর্কে অজ্ঞতার অজুহাতে পাঁচজন যাত্রীকেই মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত লোভে পড়ে বিপাকে পড়া এই যাত্রীদের পরিণতি দেখে কাস্টমস কর্মকর্তারাও একটু যেন রসিকতা করে বললেন, “সোনা আনা ভালো, তবে হিসেবটা জানা জরুরি!”
