অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদ। কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ! কারণ, ‘দুর্ধর্ষ’ এই নেতা লুকিয়ে ছিলেন নিজের ঘরের মেঝেতে টাইলসের নিচে তৈরি এক গোপন আন্ডারগ্রাউন্ডের সুড়ঙ্গে।

​দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিতে ওস্তাদ এই যুবনেতাকে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের বাসিন্দা, গত বছরের ৫ আগস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে পোস্টারিং ও দেওয়াল লিখনের মাধ্যমে দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন। পাশাপাশি ছড়াচ্ছিলেন নানা গুজবও। তার এই ‘কৌশলী’ গতিবিধির কারণে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

​বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, “সে অত্যন্ত দুর্ধর্ষ এবং কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছিল।”

​মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই খোকনের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশের একটি দল। তিনি বাড়িতে প্রবেশ করার পরই শুরু হয় অভিযান। প্রথমে তাকে ঘরে না পেয়ে কিছুটা হতচকিত হন কর্মকর্তারা। এরপরই খোঁজ মেলে এক অবিশ্বাস্য আস্তানার।

​ওসি লুৎফুর রহমান নিশ্চিত করেন, “ঘরের টাইলসের নিচ দিয়ে তৈরি করা একটি আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে। সেই আন্ডারগ্রাউন্ডের ভেতরে থাকা এক সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
​জানা গেছে, সুড়ঙ্গের ভেতরে যুবলীগ নেতার এমন গোপন ডেরা তৈরির বিষয়টি ছিল রীতিমতো ‘চলচ্চিত্রের কাহিনীর’ মতো। খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ