পাহাড়ের কোলে শান্তি প্রতিষ্ঠা ও জনকল্যাণে নিরলস ভূমিকার জন্য পরিচিত খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তাদের গৌরবময় পথচলার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে। দিনভর নানা আয়োজনে মুখরিত ছিল পুরো জোন এলাকা।

​শনিবার (০৮ নভেম্বর) দুপুরে জোন সদর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান।

এ উপলক্ষে সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মিলনমেলায় পরিণত হয় সিন্দুকছড়ি জোন। জোন এলাকার প্রবেশ থেকে শুরু করে ভেতরের পরিবেশেও ছিল এক ‘সাজ সাজ রব’—যা এই বিশেষ দিনের মাহাত্ম্যকে তুলে ধরে।

​অনুষ্ঠানের মধ্যমণি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সুবর্ণ জয়ন্তীর বিশেষ কেক কাটেন। এরপর সবাই অংশ নেন প্রীতিভোজে, যা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অসাধারণ চিত্র ফুটিয়ে তোলে। এর আগে, আমন্ত্রিত অতিথিরা একে একে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।
​উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, মানিকছড়ির রাজা কুমার সুইচিং প্রু সাইন-সহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

​বাহিনীর অঙ্গীকার: জোন কর্তৃপক্ষের ভাষ্যমতে, “২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি শুধু একটি সামরিক ইউনিট নয়। প্রতিষ্ঠার পর থেকে এটি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রেখেছে। সুবর্ণ জয়ন্তীর এই বিশেষ দিনটি তাই কেবল বাহিনীর জন্য নয়, এই অঞ্চলের সাধারণ মানুষের জন্যও আনন্দ ও গর্বের দিন।”

​শান্তি, সেবা ও নিরাপত্তার অর্ধশতক পূর্তিতে এই জমকালো আয়োজন পাহাড়ের নিরাপত্তা এবং স্থানীয় মানুষের সঙ্গে সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।