চট্টগ্রামের মীরসরাইয়ে গভীর রাতে সংঘটিত হয়েছে এক হৃদয়বিদারক ডাকাতির ঘটনা। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোবানিয়া এলাকায় প্রবাসী মীর হোসেনের বাড়িতে বুধবার (৫ নভেম্বর) রাত তিনটা থেকে চারটার মধ্যে অস্ত্রধারী ডাকাত দল পরিবারের তিন সদস্যকে জিম্মি করে লুটপাট চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতা ভেঙে ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত দেয়াল টপকে মীর হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয়।
ডাকাতরা প্রায় আধাঘণ্টা ধরে বাড়ির ভেতরে অবস্থান করে এবং চলে যাওয়ার আগে পরিবারের সদস্যদের চিৎকার না করতে কড়া হুমকি দেয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পুলিশে খবর দেন
খবর পেয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,
“ঘটনাটি পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।” সময় পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে বলে জানান তিনি।
ঘটনার পর গোবানিয়া এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো বড় অপরাধমূলক ঘটনা না ঘটলেও সাম্প্রতিক এই ডাকাতি জনমনে ভয় সৃষ্টি করেছে।
এক প্রতিবেশী বলেন, “রাতের নিস্তব্ধতা ভেঙে চিৎকার শুনে বাইরে বের হলেও কিছু দেখতে পাইনি। পরে জানতে পারি, প্রবাসীর ঘরে ডাকাত ঢুকেছিল।”
বিদেশে থাকা মীর হোসেন পরিবারের এই বিপদের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
তারা বলেন, “প্রবাসে কঠোর পরিশ্রম করে যা সংগ্রহ করেছিলেন, এক রাতেই সব শেষ হয়ে গেল।”
ঘটনার পর থেকে এলাকাবাসী দ্রুত ডাকাত দলের গ্রেপ্তার ও রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, সম্প্রতি এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে — এতে সন্দেহভাজনদের চিহ্নিত করতে প্রশাসনের তৎপরতা বাড়ানো প্রয়োজন।
