খাগড়াছড়ির মহালছড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

মহালছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

প্রাথমিকভাবে ব্যবসায়ীরা ধারণা করছেন, এই অগ্নিকাণ্ডে ৪ থেকে ৫ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। বাজারের সব দোকান বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল, যার কারণে বাজারে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তিনি ধারণা করছেন, কাঁচা দোকানঘরের ওপর বজ্রপাত পড়েই আগুনের সূত্রপাত হতে পারে।

জাকের হোসেন আরও বলেন, “মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় জেলা সদর থেকে আসতে সময় লাগে। তাছাড়া আশপাশে পর্যাপ্ত পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে সৌভাগ্যবশত, ভারি বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে পারেনি।”