ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মিজ মনিরা হক।
রবিবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মনিরা হক সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, “গণমাধ্যম প্রশাসনের সহযোগী হিসেবে জনগণের সমস্যা, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরবে—এটাই প্রত্যাশা।” তিনি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসকের কাছে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কিশোর গ্যাং অপরাধ নির্মূল, মাদক মুক্ত করন, শিক্ষা, শহরে জলাবদ্ধতা, নদীর নাব্যতা, খাল দখল মুক্ত করন, স্বাস্থ্য সেবা বৃদ্ধি, বাজার মনিটরিং বৃদ্ধি, মহুরী নদীর বাধ নির্মান, মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক প্রমুখ।
