র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম অমর জিৎ চন্দ্র পাল (৪২) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন মানগাঁও এলাকার বাসিন্দা এবং তিনি পল্লী বিদ্যুতের লাইনম্যান। ঘটনার দিন গত ৩১/০৫/২০২৫ইং তারিখ আনুমানিক রাত ০৯.০৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল হতে কুলাউড়া থানাধীন নছিরগঞ্জে নিজ বাড়ীতে সিএনজি যোগে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। অতঃপর ভিকটিম সিএনজি যোগে ভানুগাছ বাজার পৌঁছামাত্রই আনুমানিক ০৯.২৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাউয়াছড়া জাতীয় উদ্যান হতে গাছ কেটে রাস্তার উপর ফেলে কয়েকটি সিএনজি, মোটর সাইকেল ও ০২টি ট্রাক থামিয়ে চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্র ও লাঠি দ্বারা এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। অতঃপর ভিকটিমের স্ত্রীকে ০১ জন ডাকাত দেশীয় অস্ত্র দ্বারা মৃত্যুর ভয় দেখিয়ে তার সাথে থাকা সাইড ব্যাগ থেকে ০২টি মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং অন্যান্য ডাকাতেরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটককৃত অন্যান্য গাড়ীর চালক ও যাত্রীদের নিকট থেকে ০৭টি মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১০,৭৯,০০০/-টাকা। উক্ত ঘটনায় ভিকটিম অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র‌্যাব-১০, সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৫.১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মামলা নং-০১/৭১ তারিখ-০১/০৬/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০; এর মূলে ডাকাতির মামলার তদন্তে প্রাপ্ত আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি-১। ছয়দুল ইসলাম (২৬), পিতা-আইয়ুব আলী, সাং-দক্ষিণ কানাইদেশী,থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।