চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলম (২৫) ও সাখারা (৩২)।
র্যাব সূত্রে জানা যায়, নিহত ফুল মিয়া, যিনি পেশায় বাসের হেলপার ছিলেন, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে এসে বায়েজিদ থানাধীন মাইজপাড়া এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন। বাসার মালিক মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে তাঁর বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এই ঝগড়ার একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্ত মোবারক ও তার সহযোগীরা কৌশলে ফুল মিয়ার মরদেহ হাসপাতাল থেকে সরিয়ে বাসার নিচতলায় রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন নিশ্চিত করেছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৮টায় চাঁন্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকা থেকে প্রথমে মো. আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীপুকুর পাড়া রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে মামলার অপর আসামি সাখারাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিকে বায়েজীদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
