চট্টগ্রামে চাঞ্চল্যকর এক অপহরণের ঘটনা ঘটেছে। আবুধাবি থেকে ফেরত আসা মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে সোমবার (২৭ অক্টোবর) সকালে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশ থেকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে দুর্বৃত্তরা।
এ সময় মুন্নাকে বিমানবন্দর থেকে আনতে আসা তার আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়।
সিএনজি চালকের বর্ণনা অনুযায়ী, মুন্না ও সোলেমানকে বহনকারী সিএনজিটি থামিয়ে অস্ত্র দেখিয়ে ফ্লাইওভার থেকেই তাদের জোর করে অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। ঘটনার প্রায় এক ঘণ্টা পর, ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাঁধা অবস্থায় নগরীর অক্সিজেন এলাকা থেকে খুঁজে পান স্বজনরা। তবে এখনো নিখোঁজ রয়েছেন অপহৃত আরেক যুবক মো. সোলেমান।
অপহরণকারীরা ভুক্তভোগী দুজনের সাথে থাকা লাগেজসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। মুন্নার পরিবার বর্তমানে পতেঙ্গা থানায় অবস্থান করে ঘটনাটি জানিয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন জানান, “আমরা ঘটনাটি শুনেছি এবং দ্রুত টিম পাঠিয়েছি। ভুক্তভোগী একজনকে পাওয়া গেছে বলে শুনেছি। তার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারব।”
