পেকুয়ায় সেনা অভিযানে অনলাইন জুয়ার দুই ‘মাস্টার এজেন্ট’ আটক। 1xBET প্ল্যাটফর্মে লেনদেন ৬১ লাখ টাকা, যুব সমাজকে আসক্ত করার অভিযোগ ​কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম (1x bet)-এর দুই সক্রিয় ‘মাস্টার এজেন্ট’কে আটক করা হয়েছে। দীর্ঘ দিন ধরে তারা পেকুয়া ও চকরিয়ায় অনলাইন জুয়ার মাধ্যমে লাখ লাখ টাকা লেনদেন করে আসছিল বলে অভিযোগ। এই চক্র উঠতি বয়সী যুবক ও কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল বলেও জানা গেছে।

​গতকাল রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রিজের পার্শ্ববর্তী একটি চায়ের দোকান থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই এজেন্টকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃতরা হলেন: পেকুয়া সদর ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার মো. ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার রাহাতুল ইসলাম (২৫)।

​সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া এই দুই ব্যক্তির কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জানা যায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনে 1xBET-এর মাস্টার এজেন্টের অ্যাকাউন্টে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ মিলেছে। আটক হওয়ার আগেও তারা ৮ লক্ষ টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন।

​আটকের বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা অনলাইন জুয়ার লেনদেনকারী এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।”

​এই চক্রের মাধ্যমে এলাকার তরুণ সমাজ জুয়ায় আসক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।