চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ একজন এবং নিয়মিত মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) রাতে পরিচালিত এই অভিযানে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামিদের ধরা হয়। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি জোরারগঞ্জ থানাধীন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে জোরারগঞ্জ থানার পুলিশ দল হিঙ্গুলী ইউনিয়নের এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আসামী সাইদুল ইসলামকে তার হেফাজত থেকে আনুমানিক ২০ লিটার দেশীয় চোলাইমদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, একই অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় রিয়াজুল হক, একটি মাদক মামলার পলাতক আসামী দিদারুল আলম দিদার এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মাইনুল হাসান রিফাতকেও বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ (সোমবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
