রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তারা মোট ৮২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা দিয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেওয়া হয়।
তিনি বলেন, “এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারের বেশি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ছুটির কারণে সবকিছু দেখা সম্ভব হয়নি, আজ আমরা এ বিষয়ে কাজ করছি।”
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ। ৩৫টি কলেজের মধ্যে একজনও পরীক্ষার্থী পাস করতে পারেননি। এবার বোর্ডের ফলাফল আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। এখন পুনর্নিরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফলের বিষয়ে পুনঃমূল্যায়নের সুযোগ পাবেন।
