দেশবরেণ্য গাইনি রোগ বিশেষজ্ঞ ও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা বলেছেন, ৫ আগস্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। পরিবর্তন সাধিত হয়েছে। ইসলামবিরোধী রিজিমদের পতন হয়েছে। এরপর শুরু হয়েছে ইসলামী জাগরণ। আমরা কুরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কাঠামো চাই। সেজন্য জ্ঞানার্জন করতে হবে।
আমাদের আতুর ঘর মসজিদ, মসজিদেই হবে রাষ্ট চালানোর কেন্দ্রবিন্দু। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মহানগরীর আমচত্বর এলাকায় ইসলামী ব্যাংক নার্সিং কলেজে নব-নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রতিষ্ঠানটিতে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নার্সদের বৃহৎ সংগঠন ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ডা. ফাতেমা সিদ্দিকা বলেন, একটি হিজবুল্লাহ আরেকটা হিজবুব শায়তান। দুটি দল। এর বাইরে দল নেই। হয় আমাদের ইসলাম পরিপূর্ণ মানতে হবে, না হয় খারিজ হয়ে যেতে হবে। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। কুরআনের একাংশ মানি, একাংশ মানি না, সেজন্য সারাবিশ্বে আমরা মার খাচ্ছি ইহুদি খ্রিষ্টানদের হাতে।
পরিপূর্ণ ইসলাম মানছি না বলেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমাদের সবাইকে কুরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন, আমরা ইসলামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। নার্স ও স্টুডেন্ট নার্সদের উদ্দেশে দেশের স্বনামধন্য এই গাইনি রোগ বিশেষজ্ঞ বলেন, চিকিৎসা খাতের মেইন ভূমিকা পালন করেন নার্সরা। টুয়েন্টিফোর আওয়ার্স রোগীদের সেবা দেন তারা। নার্সিং পেশা ও ইবাদতের বড় সুযোগ। আপনারা নিজেদের ধন্য মনে করবেন। বিশ্বে নার্সিং পেশা উজ্জ্বল, বিশ্বে ডিমান্ড বেড়েছে। নার্সিং পেশাকে বিশ্বময় গ্রহণযোগ্য করতে টার্গেট নিয়ে আগাতে হবে। ভাষা নিয়ে কাজ করতে হবে। ইংলিশে দক্ষ হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক নার্সিং কলেজের অধ্যক্ষ রওশন আকতারা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএনএফ-এর কেন্দ্রীয় সভাপতি ড. মো. ইউনুস আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন- ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিলন।
স্বাগত বক্তব্য দেন – এনএনএফ রাজশাহীর সহ সভাপতি মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে এনএনএফ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি মো. আবু তাহেরসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএনএফ রাজশাহীর সেক্রেটারি মো. মনিরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন রাজশাহী মহানগরীর তরবিয়াত বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব মণ্ডল।
এ সময় কলেজটিতে নতুন নিয়োপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজটির অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিএসসি ও ডিপ্লোমা কোর্সের নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
