​চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার পুত্র মো: মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর পুত্র মো: ফাহিম (১৬)। ​রাত পৌনে ১২টা পর্যন্ত পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্টের কাজ করছিল বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ ভ্যান। রাত পৌনে ৯টার দিকে বালুবাহী গাড়িটির সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে নিচে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ঠিক সেই সময়ই দুই যুবক মো: মিনহাজ ও মো: ফাহিমের গায়ে সেই ছেঁড়া তারটি পড়লে তারা বিদ্যুতস্পৃষ্ট হন। ​ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় কেউই তাদের উদ্ধারে সাহস পাননি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর দুইজনের নিথর মরদেহ উদ্ধার করা হয়।

​কচুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবক মারা গেছেন। নিহতদের মধ্যে একজনের বাড়ি কচুয়া ইউনিয়নে এবং অন্যজন খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন। তিনি আরও জানান, এই ঘটনায় ইকবাল নামের আরও একজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।

​পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। সুরতহাল রিপোর্ট শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
​এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।