​”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামে বুধবার (২২ অক্টোবর, ২০২৫) জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথ মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসন চট্টগ্রাম এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চট্টগ্রামের যৌথ উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি নগরীর ইস্পাহানি মোড় থেকে শুরু হয়। সড়ক নিরাপত্তার বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরিবহন সংশ্লিষ্টরা অংশ নেন। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে এসে শেষ হয়।

​পরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার ও সকল প্রকার যানবাহনের নির্দিষ্ট গতিসীমা মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, জেলা প্রশাসন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম, সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী সহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, পরিবহন মালিক-শ্রমিক, পথচারী ও যাত্রীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।