‘বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর’ হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহী পরিণত হয়েছে দেশের সবচেয়ে দূষিত নগরীতে। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট আর বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ প্রতিবেদনে, দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে।
পদ্মাপাড়ের সবুজ রাজশাহী। যেখানে এক সময় নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতেন মহানগরবাসী। ‘বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর’ হিসেবে পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু আজ সেই শহর ধুলায় মোড়ানো, ধোঁয়ায় আচ্ছন্ন।
শহরের প্রধান সড়কে যানবাহনের কালো ধোঁয়া, ফ্লাইওভার ও ভবন নির্মাণের ধুলাবালি, সঙ্গে পুকুর ভরাট আর গাছ কাটার প্রতিযোগিতা। একদা পরিচ্ছন্ন এই রাজশাহী এখন দূষণে শীর্ষে। পথচারীরা জানান, ‘গাছ কাটা আর নির্মাণের ধুলায় হাঁটাচলাই কষ্টকর হয়ে গেছে। মাস্ক ছাড়া থাকা যায় না।’একজন রিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগে সকালে কাজ করতে এসে ঠান্ডা হাওয়া লাগত, এখন শুধু ধুলা আর ধোঁয়া। সারাদিন গলায় জ্বালা করে।’
সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ায়ের তথ্যমতে, গত ২০ অক্টোবর সকালে রাজশাহীর বায়ু সূচক ছিল ১৬৭, যা দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। যা শ্বাসযন্ত্র, হৃদ্রোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।
সিটি করপোরেশন বলছে, নিয়মিত পানি ছেটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চললেও, পরিবেশ অধিদফতরের বায়ুর মান নির্ণয়ের একমাত্র যন্ত্রটি নষ্ট থাকায় পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল হক বলেন, ‘নগরীতে উন্নয়ন প্রকল্প, ফ্লাইওভার ও ভবন নির্মাণের কারণে ধুলাবালি বেড়েছে। তবে নিয়মিত পানি ছেটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হচ্ছে।’
পরিবেশ অধিদফতর বলছে, প্রতিবছরই শীত মৌসুমে বায়ুর মান খারাপ হয়, তবে নির্মাণকাজ শেষ হলে তা কিছুটা স্বাভাবিক হবে। পরিবেশ অধিদফতরের রাজশাহী জেলা সহকারী পরিচালক মো. কবির হোসাইন বলেন, ‘প্রতিবছরই শীত মৌসুমে বায়ুর মান খারাপ হতে শুরু করে। বড় নির্মাণ কাজগুলো শেষ হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছি।’
এদিকে আইকিউএয়ায়ের ওই তালিকায় দুই নম্বরে রয়েছে খুলনা- ১৫৭। এছাড়া রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ এবং চট্টগ্রামে বায়ুমান ৭৩। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে রাজশাহী ছিল বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সফল শহর। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুসারে, রাজশাহীর বাতাসে ১০ মাইক্রোমিটার আকারের ধূলিকণার ঘনত্ব ২০১৪ সালের ১৯৫ মাইক্রোগ্রাম থেকে কমে ২০১৬ সালে দাঁড়ায় ৬৩.৯ মাইক্রোগ্রাম- অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ কম। আরও সূক্ষ্ম (২.৫ মাইক্রোমিটার) ধূলিকণার পরিমাণও অর্ধেকে নেমে আসে। বিশ্বের যে ১০টি শহরে ওই দুবছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীতে কমার হার সবচেয়ে বেশি। এর পরিমাণ ছিল ৬৭ শতাংশ।
পরে ২০১৬ সালে রাজশাহী বিশ্বে বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে সফল শহর হিসেবে স্বীকৃতি পায়। ২০১৬ সালে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী শহর। জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আগের দুই বছরের উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ হয়।
এর সাতবছর পরও রাজশাহী শহর পায় সবচেয়ে কম বায়ুদূষণের স্বীকৃতি। দেশের আট বিভাগে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার গড় মান প্রতি ঘনমিটারে ১১৫ দশমিক ০৭ মাইক্রোগ্রাম।
এটি আদর্শ মানের চেয়ে প্রায় ১ দশমিক ৭৭ গুণ বেশি। তখন স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমন্ডলী দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণায় উঠে আসে, আট বিভাগীয় শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা শহর আর বায়ুদূষণের তালিকায় সর্বনিম্ন রাজশাহী শহর। পদ্মাপাড়ের এ শহরে গড়ে অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি প্রতি ঘনমিটারে ৫৬ দশমিক ৪১ মাইক্রোগ্রাম।
