গলায় প্রায় আট ফুট লম্বা কিং কো-বরা (রাজ গোখরা) পেঁচিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। এক পাহাড়ি ব্যক্তি শুধু চাঁদাবাজি নয়, সাপটি বিক্রিরও চেষ্টা করছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্রেতা সেজে অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় রাজ গোখরাটিকে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দল (WSRTBD)।

​স্থানীয় ও উদ্ধারকারী দল সূত্রে জানা যায়, পাহাড়ে বসবাসরত এক ত্রিপুরা জনগোষ্ঠীর ব্যক্তি গত এক সপ্তাহ ধরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে অত্যন্ত বিষধর এই সাপটিকে অবৈধভাবে আটকে রেখেছিল। সে এটিকে গলায় জড়িয়ে উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে মানুষকে আতঙ্কিত করে টাকা আদায় করছিল। পাশাপাশি সে এটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছিল।

​গোপন সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দলের চট্টগ্রাম জেলার নেতারা ক্রেতা সেজে উপজেলার মিঠাছরা বাজার থেকে কৌশল করে সাপটিকে উদ্ধার করে।

​ডব্লিউএসআরটিবিডির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, “আমরা খবর পাই যে এক ব্যক্তি রাজ গোখরাটিকে অবৈধভাবে আটকে রেখে চাঁদাবাজি করছে এবং পরে তা বিক্রির চেষ্টা করছে। ক্রেতা সেজে আমরা ঝুঁকি নিয়ে সাপটি উদ্ধার করি।” ​উদ্ধারের পর দেখা যায়, সাপটির অবস্থা অত্যন্ত শোচনীয়। এটির বিষদাঁত নিষ্ঠুরভাবে উপড়ে ফেলা হয়েছে এবং খেলা দেখানোর ফলে এর শরীরেও আঘাত রয়েছে।

​বর্তমানে সাপটির জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে। নাইমুল ইসলাম নিলয় জানান, “সাপটির বিষদাঁত তুলে ফেলা হয়েছে এবং এটি গুরুতর আহত। বর্তমানে এটি বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে আমার হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।”

​বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত গনমাধ্যমকে বলেন, “সাপটির অবস্থা খুবই খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে। আমরা নিবিড় চিকিৎসা দিচ্ছি। আশা করছি দ্রুতই এটি সুস্থ হয়ে উঠবে।”

​উদ্ধার হওয়া ৮ ফুট দৈর্ঘ্যের এই রাজ গোখরাটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বন বিভাগের মাধ্যমে এর প্রাকৃতিক আবাসস্থল বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। বন্যপ্রাণীকে অবৈধভাবে আটক ও তার উপর এমন নিষ্ঠুর আচরণ অমানবিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ