“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” এর অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে জেলা ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমানের নেতৃত্বে
কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকের সহযোগীতায় পরিচালিত অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃত জাল মেঘাই নৌকা ঘাটে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ কাজিপুর আহমেদ আলী এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা। অভিযানে মৎস্য অধিদফতর অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ সদস্য অংশ নেয়।
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” চলবে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন। এ সময়ের মধ্যে সারাদেশের নদ-নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অভিযান শেষে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো নদীর জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। মা ইলিশ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
