রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর)। শেষ সময়ে প্রচারে সরগরম ক্যাম্পাস। শেষ সময়ে প্রার্থীদের সময় কাটছে ব্যস্ততায়।

সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দেখা মিলছে প্রার্থীদের। হাতে লিফলেট নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। শেষবারের মতো দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রার্থীরা বলছেন দেশের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার। এতো বিপুল পরিমাণ শিক্ষার্থীর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে তাদের জন্য। তবুও চেষ্টা করে যাচ্ছেন তারা।

জানা যায়, নির্বাচনী প্রচারণার শেষ সময়ে সোমবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আয়োজনটিকে ঘিরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রার্থীদের জমজমাট প্রচারণা করতে দেখা গেছে। এ ছাড়াও প্রার্থীদের শেষ সময়ের প্রস্তুতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়ে ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ন আয়োজনে ২০২৪-২৫ সেশনের প্রায় চার হাজার শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

একসাথে বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে যেতে পারার সুযোগ হাতছাড়া করতে চাননি প্রার্থীরা। অধিকাংশ প্রার্থীই সকাল থেকে জড়ো হন মিলনায়তন প্রাঙ্গণে। ছাত্রদল, ছাত্রশিবির মনোনীত প্যানেলসহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থীরা বলেন, একই বর্ষের এত শিক্ষার্থীকে এক সঙ্গে পাওয়া কঠিন। এই অনুষ্ঠানে তাদের পাওয়া গেছে। বিশালসংখ্যক এই শিক্ষার্থীর কাছে প্রার্থীরা তাদের বার্তা পৌঁছাতে কাজ করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের তারিখ পরিবর্তনে কিছুটা আমেজ কমলেও শেষ সময়ে সেটি উৎসবে পরিণত হয়েছে। তিন যুগ পর হতে যাওয়া এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফি উজ্জামান বলেন, নির্বাচনী আমেজে বারবার তারিখ পরিবর্তনে ভাটা পড়লেও এখন উৎসব উৎসব মনে হচ্ছে। কোথাও বসলে দশ মিনিটে অন্তত দশজন প্রার্থীর দেখা পাচ্ছি।

প্রার্থীদেরও যাচ্ছে শেষ সময়ের ব্যস্ততা। তারা ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে। এ বিষয়ে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস ফাহিম রেজা বলেন, আমরা শেষ সময়ের প্রচারণা চালাচ্ছি। শিক্ষার্থীদের নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই। তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।

এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ২০০ প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। তবে, আচরণ বিধিতে নাস্তা বিতরণ বা খরচের সীমা বিষয়ে কিছু উল্লেখ নেই।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে এসব খাবার বাজেয়াপ্ত করে কমিশন। নাস্তা বাজেয়াপ্ত করার পরপরই এর কারণ জানতে নির্বাচন কমিশন অফিসে যান রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পদপ্রার্থীরা। বর্তমান আচরণ বিধি অনুযায়ী খাবার প্রদানের মাধ্যমে কোনো বিধি লঙ্ঘন হয়নি বলে দাবি রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সালের।

নির্বাচন কমিশনারদের সাথে আলোচনা রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল বলেন, আচরণ বিধিতে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় সীমা উল্লেখ নাই। তার মানে আমি আমার সক্ষমতার আলোকে সর্বোচ্চ খরচ করতে পারি। একজন নির্বাচন কমিশনার আমাদের প্রার্থীকে প্রশ্ন করেছেন, “তোমার টাকার উৎস কী?” আমরা মনে করি, নির্বাচন কমিশনার স্যার এমন প্রশ্ন করার এখতিয়ার রাখেন না। আর নাস্তা বিতরণতো শুধু আমরা না অনেক পদপ্রার্থীই নাস্তা বিতরণ করেছে। তাদের বেলায় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। হাতেনাতে ধরার পর আমরা তাদের সতর্ক করেছি। আমরা কোনো মোবাইল কোর্ট না যে শাস্তি দিব। তবে আমাদের দায়িত্বের অংশ হিসেবে খাবারগুলো বাজেয়াপ্ত করেছি।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আমরা মনোনয়ন পত্র সংগ্রহের ফি ১ হাজার থেকে ২০০ টাকা করেছিলাম কী জন্য? ছাত্রদের (পদপ্রার্থীদের) যাতে কম খরচ হয় এজন্য আমরা কমিয়েছিলাম। এখন এতো এতো খরচ করা হলেতো বিষয়টা পরস্পর বিরোধী হয়ে যাবে।

তিনি আরও বলেন, আর প্রজেকশন মিটিং মানে পরিচিতি সভা। পরিচিতি সভা মানেতো এই না যে নাস্তা দিতে হবে। এখন কেউ এটা (খাবার বিতরণ) করতে পারবে না। নাস্তাতো নির্বাচনের অংশ না। আচরণ বিধিতে খাবার বিতরণের বিষয়ে কিছু লেখা নাই। কিন্তু কিছু ইমপ্লাইড (অন্তর্নিহিত) অর্থতো বুঝতে হয়। আচরণ বিধিতে টাকা বিতরণের বিষয়েও কোনো কিছু লেখা নাই। কিন্তু এটা কি করা যাবে? যাবে নাতো।