সারা দেশের মতো ফেনীর ফুলগাজীতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।
রবিবার (১২ অক্টোবর) সকালে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু এবং সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার ডা. তাহমিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন পাটোয়ারী, ইসলামিক ফাউন্ডেশন ফুলগাজী উপজেলার অফিসার মনছুর আহমদ পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন এবং ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা সময়োপযোগী এই ক্যাম্পেইনের প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। উল্লেখ্য, এই ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সসীমার সকল শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে।
