“টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নিবো দল বেধে। ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ​

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কাজিপুর পৌর এলাকার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া এবং অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, মিরাজ হোসেন,থানা অফিসার ইনচার্জ তদন্ত আবু সাইদ,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ ভৌমিক, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদ অন্যান্য কর্মকর্তাগন, শিক্ষক মন্ডলী ও স্বাস্থ্য কর্মীবৃন্দ । উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। সময়মতো টিকা দিলে শিশুদের এই রোগ থেকে সহজেই সুরক্ষা দেওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে ডা.রাসেল, “টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন কাজিপুরে আজ থেকে শুরু হয়েছে। আমাদের নির্ধারিত কেন্দ্রে( ইপিআই ও স্থানীয় স্কুল) নয় মাস বয়সী শিশু থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

তিনি টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর বলে উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।” উক্ত ক্যাম্পেইনটি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, যার উদ্দেশ্য আগামী প্রজন্মকে টাইফয়েডের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করা। কাজিপুরে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে স্কুল পর্যায়ে ৫৪৭৯৬ জন ও কমিউনিটি পর্যায়ে ৩৪৩৪২ জন মোট ৮৯১৩৮ জন। কেন্দ্র রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ৩৬০টি, কমিউনিটি পর্যায়ে ২৮৮টি ও স্থায়ী কেন্দ্র ১ টি। টিকাদান কার্যক্রম চলবে শিক্ষা প্রতিষ্ঠানে ১২ থেকে ৩০ অক্টোবর, কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর এবং স্থায়ী কেন্দ্রে ১৩ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।