“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” এর অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ ও কাজিপুর থানার যৌথ উদ্যোগে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর থেকে বিকেল পর্যন্ত যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক এবং কাজিপুর থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২১০ সেট চায়না দুয়ারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।এছাড়া ১০ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় প্রদান করা হয়।

আটককৃত জাল মেঘাই নৌকা ঘাটে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” চলবে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন। এ সময়ের মধ্যে সারাদেশের নদ-নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন, “অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো নদীর জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। মা ইলিশ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”