“প্রায় তিন লাখ মানুষ জটিল চর্মরোগে আক্রান্ত।
স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয়।
ঝুঁকিতে পড়েছে নদের জীববৈচিত্র্য।
বিপন্ন জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা।
জরুরি ভিত্তিতে বর্জ্য শোধনাগার নির্মাণ দরকার।”

রাজশাহী শহরের বর্জ্যমিশ্রিত পানিতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে বারনই নদী। পবা উপজেলার ঝুজকাই ও দুয়ারী খাল হয়ে প্রতিদিন নগরীর বিপুল পরিমাণ বর্জ্যমিশ্রিত পানি এ নদীতে পড়ছে।

রাজশাহী মহানগীর অপরিশোধিত বর্জ্যে মারাত্মক ভাবে দূষিত হয়েছে বারনই নদ। এই নদীর পানি ব্যবহার করায় রাজশাহী ও নাটোর জেলার নদী পারের প্রায় তিন লাখ মানুষ নানা জটিল চর্মরোগে আক্রান্ত হয়েছেন। ছোঁয়াচে হওয়ায় রোগগুলো দ্রæত ছড়িয়ে পড়ছে। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ পরিচালিত সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, বারনই নদের বিষাক্ত পানির কারণে শিশু-বৃদ্ধসহ প্রায় তিন লাখ মানুষ জটিল চর্মরোগে আক্রান্ত। তারা দুর্বিষহ জীবনযাপন করছে। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বেড়েছে। পাশাপাশি ঝুঁকিতে পড়েছে নদের জীববৈচিত্র্য। নদের মাছ মারা যাচ্ছে। বিপন্ন হয়ে পড়েছে জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা।

সরেজমিন দেখা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অপরিশোধিত বর্জ্য, বিসিক শিল্প এলাকার বর্জ্য, বিভিন্ন কলকারখানার রাসায়নিকমিশ্রিত পানি, গৃহস্থালি বর্জ্য এবং পয়োনিষ্কাশনের বিষাক্ত পানি সরাসরি সিটি হাটের পাশের ড্রেন, পবা উপজেলার দুয়ারি খাল, পবা গাঙ্গপাড়া ও বায়া-মহনন্দখালী খালের মাধ্যমে নওহাটায় গিয়ে বারনই নদে মিশছে। ফলে নদের পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে।

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বিভিন্ন মহল্লার মানুষ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত। পৌরসভার পুঠিয়াপাড়া এলাকার ভ্যানচালক শাহীন আলম জানান, মহল্লায় পাঁচ শতাধিক মানুষ চর্মরোগে আক্রান্ত। তিনি বলেন, ‘এক বছর ধরে আমি এবং আমার বাড়ির তিনজন দাদে আক্রান্ত।

সারা শরীরে ছড়িয়ে পড়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, টাকাও খরচ হয়েছে, কিন্তু ভালো হয়নি। আমার পাশের বাড়ির হেলালের বাড়ির নয়জনেরও একই অবস্থা। ছোট্ট একটা শিশু রাহুল, সে-ও ছয় মাস ধরে ভুগছে।’ নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা রুবিনা বেগম জানান, তাঁর পরিবারের ছয়জন দেড় বছর ধরে আক্রান্ত।

এদিকে দূষণের কারণে জেলে সম্প্রদায়ের জীবনও বিপন্ন হয়ে পড়েছে। সিংড়া উপজেলার শেরকোল এলাকার জেলে আবদুল আলিম বলেন, ‘বছর কয়েক ধরে বিষাক্ত পানির কারণে মাছ মরে যাচ্ছে। আগে নদের মাছ ধরে সংসার চলত, এখন হয় না। তাই পাঁচ বছর ধরে ভ্যান চালাই।’

বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বিজলী বলেন, ‘শুধু পবা উপজেলার নওহাটা এলাকার নিম্ন আয়ের কয়েক হাজার মানুষ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত। আমরা গত ১৯ আগস্ট একটি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৫০ জনকে চিকিৎসা দিয়েছি। এটা আক্রান্তের তুলনায় অতি সামান্য।’

নদী গবেষক মাহবুব সিদ্দিকী জানান, বারনই নদের উৎপত্তি নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদ থেকে। এটি মান্দার বিল ও তানোরের শিব নদ পেরিয়ে রাজশাহীর পবা উপজেলার শিতলাই এলাকায় জামদহ নদীতে মিশেছে। এরপর নওহাটা এলাকায় এটি বারনই নামে পরিচিতি পেয়েছে। বারনই রাজশাহীর পবা, মোহনপুর, দুর্গাপুর, বাগমারা এবং নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলনবিলে গিয়ে মিশেছে।

তিনি আরও বলেন, “রাজশাহী সিটি করপোরেশন ও ওয়াসাকে জরুরি ভিত্তিতে বর্জ্য শোধনাগার নির্মাণ করতে হবে, নইলে ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দেবে।”

রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ জানান, বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন জানান, শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রকল্প প্রণয়ন চলছে।