সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবছরের মতো এবারও বিশিষ্ট সমাজ সেবক এবং আলোকিত মানুষ মরহুম আতাহার আলী-সাজাহান দরিদ্র মেধাবী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা এগারটায় উপজেলার হরিনাথপুর আজিম উদ্দিন, মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা জাহান সুমাইয়া।

এ সময় কাজিপুরের কৃতি সন্তান রাজশাহী শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক ড. মোঃ সাজজাদ হোসেন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম মোঃ ইয়াছিন আলীর অর্থায়নে একজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা, একটি সনদ ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাসুদ রানা, সুলতান মাহমুদ ও আল আমিন। প্রধান অতিথি বলেন, “মেধাবীদের পৃষ্ঠপোষকতা সমাজে আলোকিত মানুষ সৃষ্টির সহায়ক। আজকে যারা এই মহানুভবতার সাক্ষর রাখলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে তারাও একদিন এই কাজের এগিয়ে আসবে। এমনি করে পুরো সমাজ একদিন আলোকিত মানুষের সমাজ হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে, বাল্যবিবাহ বন্ধে এগিয়ে আসতে হবে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে বাবা-মাকে সম্মান করতে হবে ধার্মিক হতে হবে তবে অবশ্যই অন্ধবিশ্বাসী নয়।