কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি ধান কাটা রিপার মেশিন বিক্রির অভিযোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ইতোমধ্যে রিপার মেশিনটি উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা কৃষি অফিস।

ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই এলাকায়। অভিযুক্ত কর্মকর্তা হলেন ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল খালেক।

উপজেলার দক্ষিণ তিলাই এলাকার কৃষকরা ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়—রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত ধান কাটা রিপার মেশিন (মডেল: CHINA 4G 120AB, ইঞ্জিন নম্বর: 170F-24110037, পাওয়ার: 6HP, চেসিস নম্বর: 202505055) ‘দক্ষিণ তিলাই ফল উৎপাদক দল’-এর নামে বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু মেশিনটি দলের কোনো সদস্যকে না দিয়ে, দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক ফল উৎপাদক দলের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের পদবী জালিয়াতি করে দক্ষিণ তিলাই গ্রামের এক বাসিন্দা রিপন মিয়ার কাছে গোপনে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে।

দক্ষিণ তিলাই ফল উৎপাদক দলের সদস্যরা অভিযোগে বলেন, “রিপন মিয়া আমাদের দলে নেই। অথচ সরকারি বরাদ্দের রিপার মেশিনটি তাকেই দিয়ে দেওয়া হয়েছে। এটি সরাসরি দুর্নীতি ও কৃষকদের সঙ্গে প্রতারণা।

তারা আরও জানান, “সরকার কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও সময় বাঁচাতে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। অথচ মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা সেই সুবিধাকে ব্যক্তিগত বাণিজ্যে পরিণত করেছেন।

কৃষকরা অবিলম্বে দুর্নীতির সঙ্গে জড়িত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেকের দৃষ্টান্তমূলক শাস্তি ও রিপার মেশিনটি দলের নিকট ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য না দিয়ে পালিয়ে যায়। পরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, যিনি মেশিনটি ক্রয় করেছেন বলে অভিযোগ উঠেছে—দক্ষিণ তিলাই গ্রামের রিপন মিয়া—তার ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন,কৃষকদের অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করি। প্রাথমিক তদন্তে উপসহকারী আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই রিপার মেশিনটি উদ্ধার করা হয়েছে এবং যাদের পাওয়ার কথা ছিল, তাদের কাছেই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান,“অভিযোগের পরপরই আব্দুল খালেককে শোকজ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে—কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ছিল। বিষয়টি আমরা বিভাগীয় পর্যায়ে পাঠিয়েছি, তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।”

সরকারি নীতিমালা অনুযায়ী, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত যন্ত্রপাতি কোনো ব্যক্তি বা কর্মকর্তা বিক্রি, হস্তান্তর বা বন্ধক রাখতে পারেন না। এসব যন্ত্র সংশ্লিষ্ট ফল উৎপাদক দল বা কৃষক সমিতির নামে নিবন্ধিত থাকে এবং তারাই যন্ত্রের বৈধ ব্যবহারকারী হিসেবে বিবেচিত।

দক্ষিণ তিলাই ইউনিয়নের ফল উৎপাদক দলের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,সদস্য আতাব উদ্দিন, আমির উদ্দিন,জামাল উদ্দিন, শাহজাহান আলী,মিজানুর রহমানসহ দলের অন্য সদস্যরা বলেন,কৃষকরা খুব কষ্টে ফসল ফলায়। আমরা নিজের চোখে দেখেছি কৃষি অফিস থেকে রিপার মেশিন আসছে। কিছুদিন পর শুনি মেশিন বিক্রি হয়ে গেছে! এটা কৃষকদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।সরকার যখন তাদের যান্ত্রিক সহায়তা দিচ্ছে, তখন কোনো কর্মকর্তা যদি সেই সুযোগে বিক্রি করে দেয়, এটা ভয়াবহ অনিয়ম। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস না পায়।

উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে জেলা কৃষি অফিস ও বিভাগীয় পর্যায়ে তদন্তের মাধ্যমে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সরকারি প্রকল্পের যন্ত্রপাতি নিয়ে এমন অনিয়ম শুধু কৃষকদের আস্থা নষ্ট করছে না, সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করছে।