চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে ব্যবসায়ী আব্দুল হাকিমকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ এই আটকের বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে জানান, “মদুনাঘাটে আব্দুল হাকিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাদের মামলায় আসামি করা হবে।”
তিনি আরও জানান যে, যদিও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে বুধবার (আজ) হাটহাজারী থানায় মামলা করতে আসার কথা রয়েছে।
যেভাবে খুন হন ব্যবসায়ী হাকিমঃ মঙ্গলবার সন্ধ্যায় রাউজান থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা তার গাড়ি আটকিয়ে খুব কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহত আব্দুল হাকিম রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাত ও বুধবার রাউজানের কয়েকটি এলাকায় স্থানীয় বিএনপি বিক্ষোভ করে। তারা কাপ্তাই সড়ক কিছু সময়ের জন্য অবরোধও করে।
তবে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন
