“স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যানে কাজ করি’ -এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।পরে তারই সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান, সাংবাদিক আব্দুল জলিল, নারী নেত্রী মোছাঃ সাথী খাতুন ওমোছাঃ ফাহিমা খাতুন প্রমুখ।
সভায় ব্যক্তারা বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে বেশি গুরুত্ব দেয়া হতো ।
তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতামাতার চিন্তা ধারা। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে।কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে কন্যা শিশু-বান্ধব মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম,মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দরা।
