ধর্মঘট প্রত্যাহার হলেও রাজশাহীর তিন জেলা থেকে ৫ দিনও চালু হয়নি দূরপাল্লার বাস, নায্য বেতন ও যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে স্বেচ্ছা কর্মবিরতি।

উত্তরবঙ্গের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-নাটোর থেকে চার দিন ধরে বন্ধ থাকা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পরও শেষ পর্যন্ত চালু হয়নি। বাস কাউন্টার খুলে টিকিট বিক্রি শুরু হলেও পরিবহন শ্রমিকেরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়ায় তারা গাড়ি চালাবেন না। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তবে বিকেল পাঁচটার দিকে তিনি জানান, দাবি মেনে নেওয়া হলেও কয়েকজন শ্রমিক বাস চলাচলে বাধা দিচ্ছেন।

অন্য দিকে রাত ১১টা থেকে রাত্রি ২টা পযন্ত শিরোইল ঢাকা বাস টার্মিনালে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় বসে আন্দোলন করেছেন বাস শ্রমিকরা।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালিকপক্ষ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছিলেন। মালিকদের আশ্বাসে দুই দিন পর তাঁরা কাজে ফিরলেও আশানুরূপ বেতন-ভাতা বৃদ্ধি না হওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে আবারও কর্মবিরতিতে যান। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব পরিবহনের বাস চলাচল বন্ধ থাকে।

গাড়ির মালিকরা বলছেন এ অবস্থায় প্রতিদিন অন্তত চার থেকে ছয় হাজার যাত্রীর ঢাকায় যাতায়াত সমস্যায় পড়ছে আর লোকসান হচ্ছে অন্তত ২৪ লাখ টাকা। এ ঘটনায় সোমবার ঢাকার গাবতলীতে বাস-ট্রাক ওনার্স এয়সোসিয়েশন তিন জেলার পরিবহন শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা বৈঠকে বসেন, তাতে মজুরি বাড়াতে রাজি হয় বাস মালিকরা, ফলে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে প্রতি চালক ১ হাজার ৭৫০ টাকা, সুপার ভাইজার ৭৫০ টাকা, হেলপার ৬৫০ টাকা করে পাবে বলে নির্ধারণ করা হয়।

এছাড়া ঢাকা কানসাট রুটে চালক পাবেন ১ হাজার ৯৫ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা এবং হেলপার পাবেন প্রতি ট্রিপে ৭০০ টাকা। পাশাপাশি খাবার খরচ ২১০ টাক থেকে ৯০ টাকা বৃদ্ধি করে ৩০০ টাকা করা হয়।

তবে এর সাথে রাজশাহীর শ্রমিকদের একাংশ ঢাকা রাজশাহী রুটের গাড়ি প্রতি তিনটি করে কিটিক ফ্রি দাবি করেছেন যা পুরন না হওয়ায় গাড়ি চলাচলে বাঁধা দিচ্ছেন তারা। শ্রমিকদের একাংশের নেতা জিয়া জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১ টায় মহানগরীর নওদাপাড়া বাস স্ট্যান্ডে বৈঠকে বসবেন তারা পরে এ নিয়ে জানা যাবে চুড়ান্ত সিদ্ধান্ত।

একজন চালক বলেন, “যদি যাত্রী ছাড় দেওয়া হয়, তবে ঘোষিত বেতনেই গাড়ি চালাব। কিন্তু যাত্রী ছাড় না দিলে ট্রিপপ্রতি আরও বেশি টাকা দিতে হবে।”

বিকেলের দিকে বাস চলাচলের খবর শুনে যাত্রীরা টিকিট কিনে অপেক্ষা করলেও কোনো বাস ছাড়তে পারেনি। রাজশাহী মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ডে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস যাত্রী তুললেও সন্ধ্যা পর্যন্ত ছাড়তে পারেনি। পরে যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়। এতে পরিবহনশ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শিরোইলে আসা যাত্রী রেদোয়ান বলেন, “শুনেছিলাম বাস বিকেল চারটার দিকে ছাড়বে। কিন্তু এসে দেখি শ্রমিকেরা গাড়ি চালাবেন না।”

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রী তোফায়েল বলেন, “গাড়ি চলবে না বলে আমাদের মালপত্র নামিয়ে দিল। এখন ঢাকায় যাব, নাকি ফিরে যাব- কিছুই বুঝতে পারছি না।”

এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “সিদ্ধান্ত অনুযায়ী বাস চলছে।”

শ্রমিকদের সঙ্গে মালিকদের নতুন সমঝোতা হলেও রাজশাহীর শ্রমিকদের অসন্তোষ নিরসন না হওয়ায় পাঁচ দিনের টানা ভোগান্তির অবসান হয়নি। যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন।