রাজশাহী জেলার গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গ্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোদাগাড়ী থানার কাঁঠালবাড়িয়া এলাকার শিবু মন্ডলের ছেলে শ্রী জিতেন মন্ডল (২২)। নিখোঁজরা হলেন- একই উপজেলার ফরাদপুর এলাকার বাবলুদাসের ছেলে শ্রী দিলিপ (৩৫) ও ডুমুরিয়া গ্রামের কালর্সা এর ছেলে শ্রী হরেনফা (৬৫)।
স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার লাশ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা এই লাশটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে এ পারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হচ্ছিলেন।
ঠিক তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পর বাকিরা সাঁতরে পারে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মন্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, নৌকায় যারা ছিলেন তারা একটি মরদেহ নিয়ে শ্মশান ঘাটে নেওয়ার সময় তীব্র স্রোতে সেই নৌকা ডুবে যায়। এসময় শ্রী জিতেন মন্ডলেসহ আরও ২জন ডুবে যায়। পরে শ্রী জিতেনকে উদ্ধার করে প্রেমতলি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।
