চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী বাসস্ট্যান্ডে এসে অনেক যাত্রী বাস না পেয়ে বিকল্প উপায়ে যাত্রা করে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ মিটিং হয়। সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক ১৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা পাবেন।
আগামীকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে, বেশি টাকা বেতন দিবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। রাতের বেলা বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের ভাষ্য, পুজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভীড়। কোনরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা। মালিকপক্ষ যাত্রীদের সাথে যে, ছিনিমিনি খেললো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
মালিকপক্ষের দাবি, শ্রমিকদের করা বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি করছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবেন না বলেছেন। আমরাও বলেছি, ঠিক আছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়েনের আগে, কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বলার মত না।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৭ সেপ্টেম্বর রাতে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেয় শ্রমিকেরা। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা কাজে ফেরে। চালু হয় বাস চলাচল। তবে দাবি আদায় না হওয়ায় আবার ২২ সেপ্টেম্বর সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন।
এতে ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল। এখন আবার তিন জেলা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেল। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।
এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষের সঙ্গে বসার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমস্যাটি সমাধান হবে। বাস চলাচল শুরু হলে বিষয়টা আপনাদের জানানো হবে।
