র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুহেলপুর বাজার এলাকায় অবস্থানকালে গত ২৩/০৯/২০২৫খ্রিঃ তারিখ রাত আনুমানিক
২৩.৫০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বুধল ইউনিয়নের হাটিহাতা সাকিনস্থ সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কস্থ রাকিব হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকরছে।

উক্ত সংবাদ পেয়ে অদ্য ২৪/০৯/২০২৫খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০০.১০ ঘটিকার সময় র‌্যাবের টহল টিমটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি পালানোর সময় ০২ জনকে ধৃত করে এবং ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে পলায়নের ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারে নাই। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় জানায় যে, তাদের হেফাজতে থাকা লাল, কালো ও নেভি-ব্লু রংয়ের ০৩টি কাঁধ ব্যাগের ভিতর মাদকদ্রব্য ফেনসিডিল রয়েছে।

পরবর্তীতে তাদের দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ হাতে বাহির করে দেওয়া মতে লাল, কালো ও নেভি-ব্লু রংয়ের ০৩টি কাঁধ ব্যাগের ভিতর মোট ২৯৯(দুইশত নিরানব্বই) বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন- ১। মোঃ দুলাল মিয়া (৪০), পিতা- মরম আলী, সাং- পুন্নাছগাঁও, দক্ষিণ ধনিখাই ইউপি, থানা-কোম্পানিগঞ্জ, জেলা- সিলেট এবং ২। মোঃ তুহিন হোসেন (২৫), পিতা- আব্দুল লতিফ, সাং- নন্দীরগাঁও, সালুটুকুর ইউপি, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট । ধৃত ব্যক্তিদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা
হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।