আদালতের আদেশে জব্দ হলেও যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়ের বিপুল সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি তার ছেলে রাজীব কুমার রায় আদালতের নির্দেশ অমান্য করে তিনটি ট্রাক বিক্রি করেছেন। যশোরের আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস ৫০ লাখ টাকা মূল্যে ট্রাকগুলো ক্রয় করেছে। প্রতিষ্ঠানটির মালিক আহাদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকার একটি আদালত রণজিত রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, ছেলে রাজীব কুমার রায়, সজীব কুমার রায় এবং পরিবারের অন্য সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দের নির্দেশ দেন। আদালতের নথি অনুযায়ী, চারটি ফ্ল্যাট, দুটি বহুতল বাড়ি, তিনটি ট্রাক, অভয়নগরে নির্মাণাধীন ৬০টি দোকান, মোট ৭৯ দশমিক ৬২ বিঘা জমি এবং ১৩৭টি ব্যাংক হিসাবে জমা থাকা ২ কোটি ৭৮ লাখ টাকার বেশি অর্থ রাষ্ট্রের অধীনে থাকার কথা। অথচ আদালতের এ নির্দেশ কার্যকর না করে সম্পদ বেচাকেনার ঘটনা প্রকাশ্যে এসেছে।
অভিযোগে বলা হয়েছে, জব্দ হওয়া ট্রাক বিক্রিতে রণজিতের পালিত ছেলে দুর্গানাথ রাজীব রায় সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, তিনি বর্তমানে জব্দ হওয়া বাড়ি, ফ্ল্যাট ও দোকান থেকেও ভাড়া আদায় করছেন। স্থানীয়দের দাবি, এই ভাড়ার অর্থ নিয়মিতভাবে রণজিত রায়ের পরিবারের হাতে পৌঁছে যাচ্ছে।
আইন অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া জব্দকৃত কোনো সম্পদ বিক্রি বা হস্তান্তর করা সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মন্তব্য করেছেন, “এটি শুধু অবৈধ নয়, বরং আদালতের সরাসরি অবমাননা। এ ধরনের অপরাধে যারা জড়িত, তারা দণ্ডিত হওয়ার মতো গুরুতর অপরাধ করছেন।”
রণজিত কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ গড়ে তোলেন। তার নামে ২৫টি ব্যাংক হিসাবে ৭১ লাখ টাকার বেশি, স্ত্রীর ২১টি হিসাবে প্রায় ৬৬ লাখ, ছেলে রাজীব কুমারের ৪৪টি হিসাবে ৬৮ লাখের বেশি, রাজীবের স্ত্রী রিশিতা সাহার ২০টি হিসাবে প্রায় ৪০ লাখ, ছেলে সজীব কুমারের ১২টি হিসাবে প্রায় ছয় লাখ এবং সজীবের স্ত্রী অনিন্দিতা মালাকার পিউর হিসাবে প্রায় ২৮ লাখ টাকা জমা ছিল। সব মিলিয়ে পরিবারের অস্থাবর সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়ায়।
এ ঘটনায় যশোরের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের প্রশ্ন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কী করছে? রাষ্ট্রের নামে জব্দকৃত সম্পদ যদি এভাবে বিক্রি হয়ে যায়, তবে দুর্নীতি দমন ও আইনের শাসনের প্রতি আস্থা কোথায় থাকবে?
স্থানীয় এক প্রবীণ শিক্ষক বলেন, “এটা শুধু দুর্নীতির ঘটনা নয়, রাষ্ট্র ও আদালতের প্রতি চ্যালেঞ্জ। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে অন্যরাও এ ধরনের কাজে উৎসাহিত হবে।”
এদিকে রণজিত রায় বা তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পালিত ছেলে দুর্গানাথের অবস্থান জানতে বারান্দি নাথপাড়ায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, আদালতের আদেশ উপেক্ষা করে সম্পদ বিক্রি ও ভাড়া আদায়ের ঘটনা দেশের আইনের শাসনের জন্য একটি মারাত্মক হুমকি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
