রাজশাহী মহানগরীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছি/ন/তা/ই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. চাঁদ মিয়া (৪০) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর মাথা, কপাল ও নাকে গুরুতর জখম হয়েছে। তিনি নগরীর ১৬ নং ওয়ার্ড, মথুরডাঙ্গা (শিল্পীপাড়া) মহল্লার বাসিন্দা।

আহত চাঁদ মিয়া জানান, তিনি ব্যবসার সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক তাকে থামায়। এ সময় একজন তার মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে দেখেন টাকার বেগসহ মোটরসাইকেল নেই। ছিনতাই হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ‘রাজ মেট্রো-ল-১২-৬৪৩২’। ছিনতাইকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল ও ইসরাত নামের তিনজনকে চিনতে পেরেছেন তিনি।

ঘটনার খবর পেয়েই অভিযুক্তদের আটক করতে তৎপরতা শুরু করেছে নগরের রাজপাড়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি।’

তাজ উদ্দিন আরও বলেন, ‘চাদ মিয়ার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে টাকা তারা ছিনিয়ে নিয়েছে কিনা জানা যায়নি। ভুক্তভোগী কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে কারা এর সাথে জড়িত। তবে ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাই কারীদের প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা জামাত শিবিরের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।