রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালিকা প্রকাশের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হয়। তবে বৃষ্টির কারণে প্রথম দিনই অনেক প্রার্থী ও সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও সাড়ে নয়টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়।

আচরণবিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে ঢোকা যাবে না। আর বৃষ্টির মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী এখন একাডেমি ভবনের মধ্যে আছে। এজন্য প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান তারা। প্রচারণা শুরু হওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রার্থীদের সাড়াও দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে এই প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে, প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না।

প্রচারণায় সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার হবে সর্বোচ্চ ৬০ সে:মি: দৈর্ঘ্য এবং ৪৫ সে:মি: প্রস্থ। ভবনের দেয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রতিদ্বন্দ্বিকে ভয়ভীতি দেখাতে, বলপ্রয়োগ করতে বা ভোটদানে বাধা সৃষ্টি করতে পারবেন না। হল ও একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ। এছাড়া, প্রচারণায় মিডিয়ার মাধ্যমে মানহানিকর, অশালীন বা উসকানিমূলক কথাবার্তা বলা যাবে না।

এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা বা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।

এর আগে বিকেল ৩টায় সিনেট ভবনে লটারির মাধ্যমে বিভিন্ন পদের প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শনিবার রাতে এক জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যালট নম্বর বরাদ্দের নীতিমালা সংশোধন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি পদে প্রতিটি প্রার্থীর ব্যালট নম্বর লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্তভাবে লড়ছেন ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১০ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৯ জন।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক ৬ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ৮ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৮ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৬ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৮ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১৬ নির্বাহী সদস্য পদে ৫৫ জন।

এছাড়া সিনেট সদস্য পদে দাড়িয়েছেন ৫৮ জন। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছে রাকসু, সিনেট নির্বাচনে। এদিকে হল সংসদ নির্বাচনে ৬০০ জন প্রার্থী হয়েছে। এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।