জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বরত অবস্থায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শিক্ষিকার নাম-জান্নাতুল ফেরদৌস। তিনি চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন।

তিনি বলেন সকালে দায়িত্বপালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। উক্ত কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে পড়ে যান। আমরা সাথে সাথে তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপরও লাইনে অপেক্ষায় থাকা ভোটাররা ভোট দেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। ভোট গণনা শুরু হয় রাত আনুমানিক সোয়া দশটার দিকে। সারা রাত ধরে চলেছে ভোট গণনার কার্যক্রম।