আগামী মাসের ১২ তারিখ থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড ভ্যাক্সিনেশন কার্যক্রম। সেই কার্যক্রমকে মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলার চরাঞ্চলের ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নাটুয়াপাড়া ডিগ্রি কলেজ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় উপজেলার চরাঞ্চলের মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, বিভিন্ন মসজিদের ইমামগণ, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য কর্মীবৃন্দ। সভায় টিকাদানের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ রাসেল। এছাড়ার মাল্টিমিডিয়া পদ্ধতিতে টিকা দেওয়ার পূর্ব শর্ত নিবন্ধন করার নানা কৌশল প্রদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হাসান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, খাসশুড়িবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ এনামুল হক, ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম । এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কমিউনিটি লিডার, সুশীল সমাজের এক অংশ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় ৯বছর থেকে ১৫বছরের সকল ছেলে-মেয়েরা এই টিকা পাবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিন ও সময়ে এই টিকাদান কার্যক্রম চালানো হবে।

এছাড়াও এই টিকাদান কার্যক্রম চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলে-মেয়েরা টিকা গ্রহণ করতে পারবে। টিকা পাওয়ার প্রথম শর্ত হচ্ছে নিবন্ধন করা। তাই শতভাগ নিবন্ধন করার জন্য শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের আহবান করা হয়। এই টিকা অবশ্যই ভরাপেটে গ্রহণ করাসহ নানা বিষয় সভায় তুলে ধরা হয়।

টাইফয়েড ভ্যাক্সিন খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা। ইদানিং টাইফয়েড জ্বর প্রকট আকার ধারণ করেছে। এমন ক্ষতিকর রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো টিকা প্রদানের ওপর জোর প্রদান করা হয়।